ইসরায়েলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র দেবে না ফ্রান্স: ফরাসি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান সংঘাতের উত্তপ্ত পরিস্থিতিতে ইসরায়েলকে কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ না করার ঘোষণা দিয়েছে ফ্রান্স। শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভউট্রিন (Catherine Vautrin) সরকারের এই অবস্থান স্পষ্ট করেন।
প্রতিরক্ষামন্ত্রী জানান, ফ্রান্স ইসরায়েলকে সরাসরি কোনো সমরাস্ত্র দিচ্ছে না। তবে ‘আয়রন ডোম’-এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহারের জন্য নির্দিষ্ট কিছু যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া কিছু সরঞ্জাম শুধুমাত্র পুনঃরপ্তানির উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, যা ফ্রান্সের নিজস্ব সশস্ত্র বাহিনীও ব্যবহার করে থাকে।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসনে ফ্রান্স অংশগ্রহণ করবে না। মূলত মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধ এড়াতেই ফ্রান্স এই নিরপেক্ষ ও সংযত অবস্থান গ্রহণ করেছে বলে মনে করা হচ্ছে।
এদিকে, ফ্রান্সের এই কঠোর অবস্থানের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেল আবিব। ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এ নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে জানিয়েছেন, এই সিদ্ধান্তের পর ফ্রান্সকে আর বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা ইসরায়েলের জন্য কঠিন হবে।