ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের বিরুদ্ধে তদন্ত এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে। এতে নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশ প্রদানকারী আইনজীবী ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম জানান, সম্প্রতি সারাদেশে বিলুপ্তপ্রায় রোগ ‘হাম’-এর মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অসংখ্য মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। রাষ্ট্রীয় টিকাদান ব্যবস্থাকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পেছনে অশুভ ও অপরাধমূলক উদ্দেশ্য রয়েছে বলে তিনি দাবি করেন।
নোটিশে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও উপদেষ্টা ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূর জাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকীসহ সকল উপদেষ্টা এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নাম উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিগত সহকারীদের বিরুদ্ধেও তদন্তের দাবি জানানো হয়েছে।
ব্যারিস্টার এম. আশরাফুল ইসলাম জানান, আইনের শাসন, সরকারের জবাবদিহি এবং জনস্বাস্থ্য রক্ষার তাগিদে একজন সচেতন আইনজীবী হিসেবে তিনি এই পদক্ষেপ নিয়েছেন।