দেশের মাথাপিছু আয় ২,৭৬৯ ডলার; ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য

দেশের ২০২৪-২৫ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩ লাখ ৩৯ হাজার ৫ টাকা। সোমবার (৬ এপ্রিল) জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্যের বরাত দিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে ‘ট্রিলিয়ন ডলারের’ মাইলফলকে নিয়ে যাওয়া। এই লক্ষ্য অর্জনে সরকার বিনিয়োগ, কর্মসংস্থান, অর্থনৈতিক গণতন্ত্রায়ন, ক্রিয়েটিভ অর্থনীতি এবং স্পোর্টস অর্থনীতিকে গুরুত্ব দিয়ে একটি সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা তৈরি করছে।
সংসদে অর্থমন্ত্রী আরও জানান, সরকার কেবল একটি নির্দিষ্ট খাতে নয়, বরং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে। এর মধ্যে কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং দক্ষতা উন্নয়নের মতো মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। বিশেষ করে উৎপাদন ও তথ্যপ্রযুক্তি খাতে কাজের সুযোগ বাড়িয়ে পারিবারিক আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈদেশিক আয়ের উৎসগুলো শক্তিশালী করার বিষয়ে তিনি উল্লেখ করেন, রপ্তানি বহুমুখীকরণ এবং প্রবাস আয় বা রেমিট্যান্স বৈধ পথে পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করা হচ্ছে। এছাড়া গ্রামীণ অবকাঠামো ও কৃষি উৎপাদন শক্তিশালী করার মাধ্যমে দেশের একটি বড় অংশের মানুষের ক্রয়ক্ষমতা ও জীবনমান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এসব পদক্ষেপের একটি অংশ চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়ন করা হচ্ছে এবং বাকিগুলো স্বল্প ও দীর্ঘমেয়াদে পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে বলে মন্ত্রী সংসদকে অবহিত করেন।