বিদ্যুৎ সাশ্রয়ে নতুন নির্দেশনা: দোকান ও শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত

সারাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মার্কেট, শপিংমল এবং দোকানপাট খোলা রাখার সময়সীমা পুনঃনির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে দোকান ও শপিংমলগুলো সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। সোমবার (৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।
এর আগে এসব প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা ছিল সন্ধ্যা ৬টা পর্যন্ত। গত ৪ এপ্রিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত একটি বৈঠকে ব্যবসায়ীরা সময় বাড়ানোর অনুরোধ জানান। সেই প্রেক্ষিতেই সরকার এই এক ঘণ্টা সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শপিংমল ও দোকানপাটের পাশাপাশি চলমান ও আসন্ন সকল মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকেও সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে। এছাড়া বিদ্যুৎ ব্যবহারের চাপ কমাতে সকল ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেশের সকল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ওপর চাপ কমানো এবং জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার লক্ষ্যেই এই কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছে।