↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ৭ এপ্রিল ২০২৬, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ৬ এপ্রিল ২০২৬, ৬:৫৮ পি.এম

হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রমে নতুন সময়সূচি নির্ধারণ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রমের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকেই নতুন সময়সূচি কার্যকর হবে।

নতুন নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্টের বিচারিক কাজ শুরু হবে এবং তা চলবে বিকেল পৌনে ৪টা পর্যন্ত। বিচারিক কার্যক্রমের মাঝে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি রাখা হয়েছে।

বিচারিক কার্যক্রমের পাশাপাশি হাইকোর্ট বিভাগের প্রশাসনিক অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। অফিসের কার্যক্রম প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে পূর্বের নিয়ম অনুযায়ী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

উল্লেখ্য, বিচারপ্রার্থী ও আইনজীবীদের সুবিধার্থে এবং বিচারিক কাজের গতিশীলতা নিশ্চিত করতেই এই সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।