জ্বালানি তেল কেনায় আসছে মোবাইল অ্যাপ, এলডিসি উত্তরণ আপাতত নয়: ডা. জাহেদ উর রহমান

জ্বালানি খাতের শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ মজুত ও পাচার রোধে মোবাইল অ্যাপের মাধ্যমে তেল বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
উপদেষ্টা জানান, ভবিষ্যতে গ্রাহকদের অ্যাপের মাধ্যমেই জ্বালানি তেল কিনতে হবে। এর ফলে কে, কখন, কতটুকু তেল কিনছেন—তার সমস্ত তথ্য সরকারের কাছে সংরক্ষিত থাকবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে জ্বালানি সরবরাহে কিছুটা চাপ থাকলেও তা তীব্র কোনো সংকট নয়। মূলত তেলের অবৈধ মজুত ও পাচারের চেষ্টার কারণেই সাময়িক ঘাটতি দেখা দিচ্ছে। আগামী মাসে জ্বালানির দাম সমন্বয় করা হবে কি না, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলেও তিনি জানান।
দেশের অর্থনৈতিক অবস্থান নিয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণায় ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কারণে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয়। ফলে এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণের কোনো পরিকল্পনা সরকারের নেই।
স্বাস্থ্য খাতের সংকট নিয়ে তিনি বলেন, দেশে হামের টিকার যে সংকট দেখা দিয়েছে তা আগের সরকারের গাফিলতির ফল। এই প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ইতোমধ্যে ৩০টি ঝুঁকিপূর্ণ এলাকায় কার্যক্রম শুরু করেছে এবং আগামী ৩ মে থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি চালু হবে। এছাড়া, সড়কে দুর্ঘটনা রোধে অটোরিকশার ফিটনেস ও চালকদের প্রশিক্ষণের অভাবকে দায়ী করে এর বিকল্প ব্যবস্থা নিয়ে সরকার কাজ করছে বলে তিনি জানান।
সবশেষে তিনি দুর্নীতি দমনে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। উপদেষ্টা জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করার পরপরই অন্তর্বর্তী সরকারের সময়কালীন কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।