হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান রুহুল কবির রিজভীর

দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং চিকিৎসক সমাজসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “হামের ঝুঁকি বাড়ার পেছনে টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার ও দীর্ঘদিনের স্বাস্থ্য খাতের অবহেলা দায়ী।” তিনি উল্লেখ করেন যে, গত ১৫ বছরে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হয়নি এবং এমনকি অন্তর্বর্তী সরকারের সময়েও এই খাতে পর্যাপ্ত নজরদারির অভাব ছিল। বর্তমান পরিস্থিতিতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ জেলাকে হামের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সাতজন শিশুর মৃত্যু হয়েছে, যা অত্যন্ত হৃদয়বিদারক।
এবারের প্রতিপাদ্য ‘স্বাস্থ্যসেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সবার জীবন’-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিজ্ঞানের পথে না থাকলে সঠিক রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসা সম্ভব নয়। তিনি আক্ষেপ করে বলেন, মানুষ যখন মহাকাশ জয় করছে, তখন হামের মতো পুরনো রোগে শিশুদের মৃত্যু হওয়া দুঃখজনক। দেশের মেডিকেল গবেষণা কাউন্সিলে বরাদ্দের অপ্রতুলতা এবং জার্নাল রিভিউতে ২৩ শতাংশ ভ্যাটের সমালোচনা করে তিনি গবেষণায় বিনিয়োগ বাড়ানোর দাবি জানান।
অনুষ্ঠানে রিজভী আশা প্রকাশ করেন যে, দেশপ্রেমিক চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা হামের মতো মহামারিপ্রবণ রোগ মোকাবিলায় দ্রুত ও ক্ষিপ্র ভূমিকা পালন করবেন। র্যালিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বলসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।