আসিফ নজরুল ও তার পিএস-এর বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ

সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং তার একান্ত সচিব (পিএস) মাসুমের বিরুদ্ধে অবৈধ প্রক্রিয়ায় সাব-রেজিস্ট্রার বদলি ও শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের আবেদন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই আবেদনটি করেন ব্যারিস্টার সরোয়ার হোসেন।
আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে এই অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের আমলের আট মাসে আইন মন্ত্রণালয়ে শুধুমাত্র সাব-রেজিস্ট্রার বদলি কার্যক্রমেই বিপুল অংকের অর্থ লেনদেন হয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে ২৮৬ জন সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো প্রচলিত নীতিমালা অনুসরণ করা হয়নি। নিয়মবহির্ভূতভাবে এই বদলি ও পদায়নের মাধ্যমে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়।
প্রকাশিত সংবাদের সূত্র ধরে আবেদনে বলা হয়েছে, সাব-রেজিস্ট্রার পদে বদলির ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও তা লঙ্ঘন করা হয়েছে। এই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের উৎস অনুসন্ধানে দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারী।