↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১০ এপ্রিল ২০২৬, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ৯ এপ্রিল ২০২৬, ৪:২০ পি.এম

জ্বালানি সাশ্রয়ে দিনের আলোয় কিউই সিরিজ: বিসিবির নতুন সূচি ঘোষণা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সম্ভাব্য জ্বালানি সংকটের ঝুঁকি মোকাবিলায় এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা মেনে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের সময়সূচিতে বড় পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নবনিযুক্ত সভাপতি তামিম ইকবালের আগের দিনের ইঙ্গিত অনুযায়ী আজ বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, সিরিজের কোনো ম্যাচই ফ্লাডলাইটের নিচে বা রাতে অনুষ্ঠিত হবে না। আগের সূচিতে ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি দুপুর ২টায় এবং বাকি দুটি টি-টোয়েন্টি সন্ধ্যা ৬টায় শুরুর কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, তিনটি ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল ১১টায় এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

ম্যাচের ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রথম দুই ওয়ানডে ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। অন্যদিকে, শেষ ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের আয়োজক হিসেবে থাকছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম।

মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি এবং চট্টগ্রাম বন্দরে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকলেও ভবিষ্যৎ সংকট এড়াতে এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বিসিবি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড দল বাংলাদেশে পা রাখবে এবং সিরিজ শেষ করে ২ মে ঢাকা ত্যাগ করবে।