দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়: সংসদে শিক্ষামন্ত্রী

সারা দেশে এখনো ২ হাজার ৮৪৭টি গ্রাম প্রাথমিক বিদ্যালয় সুবিধার বাইরে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে ফেনী-২ আসনের সরকারি দলের সদস্য জয়নাল আবদিনের এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিভাগ ভিত্তিক বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে চট্টগ্রাম ও ঢাকা বিভাগ। চট্টগ্রামে ৮১৮টি এবং ঢাকা বিভাগে ৭১৭টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহী বিভাগে ৩৫৫টি, খুলনা বিভাগে ৩৪৯টি, ময়মনসিংহ বিভাগে ২৬৬টি এবং সিলেট বিভাগে ২৬০টি গ্রামে এ ধরনের সংকট রয়েছে। অন্যদিকে বরিশাল বিভাগে ৪৫টি এবং রংপুর বিভাগে সবচেয়ে কম অর্থাৎ ৩৭টি গ্রাম বিদ্যালয়বিহীন অবস্থায় আছে।
শিক্ষামন্ত্রী জানান, সরকার দেশের প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। যেসব গ্রামে বর্তমানে বিদ্যালয় নেই, সেসব এলাকায় ভবিষ্যতে নতুন বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে তা গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। তবে এ ক্ষেত্রে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট অন্যান্য শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সংসদকে আশ্বস্ত করেন।
এর আগে মন্ত্রী জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এসব পিছিয়ে পড়া এলাকায় অবকাঠামো নির্মাণ ও শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।