↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১১ এপ্রিল ২০২৬, ৪:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ১০ এপ্রিল ২০২৬, ৮:০৯ পি.এম

২১ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা: প্রশ্নফাঁস ও নকল রুখতে শিক্ষামন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি এই নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী ঘোষণা করেন, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা শুরু হবে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “প্রশ্নফাঁস বা নকল কোনোভাবেই বরদাশত করা হবে না। আমরা কোনোভাবেই প্রশ্নফাঁস হতে দেব না।” পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশ দেন তিনি। বিশেষ করে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দুর্গম এলাকাগুলোতেও আইপিএস সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন মন্ত্রী।

শিক্ষকদের কোচিং বাণিজ্য নিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে শিক্ষকদের ব্যক্তিগত কোচিং বন্ধে সরকার কঠোর নীতিমালা করছে। এর বিকল্প হিসেবে প্রতিষ্ঠানের ভেতরেই ‘ইন-হাউজ’ কোচিং ব্যবস্থা চালু করা হবে, যেখানে শিক্ষকরা সম্মানী পাবেন। তবে এই নিয়মের বাইরে গিয়ে কোচিং করালে শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খাতা মূল্যায়নের বিষয়ে পরীক্ষকদের সতর্ক করে তিনি বলেন, সঠিক উত্তর যাচাই করে নম্বর দিতে হবে; অতিরিক্ত বা কম নম্বর দেওয়ার কোনো সুযোগ নেই। সভায় বিশেষ অতিথি হিসেবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।