সংসদে বিরোধী দলের ওয়াকআউট: ‘সরকারি দল আস্থার জায়গা রাখেনি’

জরুরি ও জনগুরুত্বপূর্ণ বিলগুলো সংসদে উত্থাপন না করার প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার (১০ এপ্রিল) সংসদ অধিবেশন চলাকালে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিরোধীদলীয় সংসদ সদস্যরা একযোগে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
ওয়াকআউট করার আগে দেওয়া বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে উদ্দেশ্য করে তিনি বলেন, “সংসদে আস্থার জায়গা বা ট্রাস্ট মেইনটেইন করা হচ্ছে না। স্পিকার, আপনি বলেছিলেন ন্যায়বিচার বা জাস্টিস মেইনটেইন করবেন, কিন্তু আজকের দিনে আমরা তা পেলাম না।”
বিরোধীদলীয় নেতা আরও অভিযোগ করেন যে, তারা সংসদীয় কার্যক্রমে সহযোগিতা করে আসলেও সরকারি দলের পক্ষ থেকে তাদের ‘ব্ল্যাক আউট’ বা বাধা দেওয়া হচ্ছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “সরকারি দল আস্থার জায়গা রাখলেন না। আমরা আজ অনেক দুঃখ নিয়ে ওয়াকআউট করছি।” সংসদ কক্ষ ত্যাগের সময় তিনি ভবিষ্যৎ ইঙ্গিত দিয়ে বলেন, “ইনশাআল্লাহ আরও দেখা হবে। এই সংসদেই দেখা হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গুরুত্বপূর্ণ বিল উত্থাপন নিয়ে এই মতবিরোধ সংসদের ভেতরে সরকারি ও বিরোধী দলের মধ্যকার সম্পর্কে নতুন করে টানাপোড়েন সৃষ্টি করতে পারে।