ওসি পদায়নের নামে ডিআইজির নাম ব্যবহার করে প্রতারণা: ঢাকা রেঞ্জের সতর্কবার্তা

পুলিশের ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়নের নামে একটি প্রতারক চক্রের সক্রিয় হওয়ার খবর পাওয়া গেছে। খোদ ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে এই জালিয়াতি চালানো হচ্ছে বলে জানিয়েছে ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়। শুক্রবার (১০ এপ্রিল) রেঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জনসাধারণ ও পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ওসি পদায়নের নামে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করে আর্থিক সুবিধা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তারা দাবি করছে যে, ডিআইজি রেজাউল করিম মল্লিকের মাধ্যমে এই পদায়ন সম্ভব। তবে ঢাকা রেঞ্জ স্পষ্ট করেছে যে, রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে কোনো থানার ওসি পদায়ন করা হয় না। নিয়মানুযায়ী, সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার (এসপি) পেশাগত দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই এই পদায়ন সম্পন্ন করেন।
ডিআইজি কার্যালয় আরও জানিয়েছে, ডিআইজির নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে পদায়নের প্রতিশ্রুতি দেওয়া একটি দণ্ডনীয় ফৌজদারি অপরাধ। এটি ডিআইজির ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি পুলিশ বিভাগের শৃঙ্খলা ও সুনাম নষ্ট করার অপপ্রয়াস। এই ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে ঢাকা রেঞ্জ ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করবে।
ইতিমধ্যেই প্রতারক চক্রটিকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একইসঙ্গে যদি কেউ এ ধরনের প্রস্তাব পান, তবে দ্রুত পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।