মাগরিবের নামাজটা আগে পড়ে নেন, বিরোধী দলকে স্পিকার

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, নিদর্শন ও দলিলাদি যথাযথভাবে সংরক্ষণ, গবেষণা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রদর্শনের লক্ষ্যে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল-২০২৬’ পাস করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংসদ অধিবেশনে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বিলটি পেশ করলে তা কণ্ঠভোটে পাস হয়।
বিলটি পাসের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা এর ওপর বক্তব্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তবে সে সময় মাগরিবের আজান হয়ে যাওয়ায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম সংসদ অধিবেশনে আধা ঘণ্টার বিরতি ঘোষণা করেন। বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, “মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য আধা ঘণ্টা বিরতি দেওয়া হলো। ফিরে এসে আপনাদের কথা শুনব। নামাজটা আগে পড়ে নেন, তারপর শুনব আপনাদের কথা।”
পাস হওয়া এই বিলের মাধ্যমে একটি আধুনিক জাদুঘর প্রতিষ্ঠা ও পরিচালনার আইনি ভিত্তি তৈরি হলো। এই জাদুঘরটি জুলাই অভ্যুত্থানের ঘটনাক্রম ও আত্মত্যাগের স্মৃতিসমূহকে দালিলিক রূপ দিতে কাজ করবে। নামাজের বিরতি শেষে বিরোধীদলের সদস্যদের আলোচনার মাধ্যমে বিলটির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পর্যালোচনার সুযোগ রাখা হয়েছে।