শিক্ষক সংকট মেটাতে নতুন উদ্যোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে ‘টিচার পুল’ গঠনের নির্দেশ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিদ্যমান শিক্ষক সংকট নিরসন এবং শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে উপজেলাভিত্তিক একটি ‘শিক্ষক পুল’ গঠন করা হবে, যেখান থেকে প্রয়োজন অনুযায়ী সাময়িকভাবে শিক্ষক নিয়োগ করতে পারবে স্কুলগুলো।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখার সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনার কথা জানানো হয়েছে। চিঠিটি দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট এবং এনটিআরসিএ-র (NTRCA) মাধ্যমে স্থায়ী নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে অনেক প্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় অভিজ্ঞ ও শারীরিকভাবে সক্ষম অবসরপ্রাপ্ত শিক্ষকদের তালিকা প্রস্তুত করে একটি ‘পুল’ গঠন করতে হবে। সংশ্লিষ্ট উপজেলার ইউএনও-র পরামর্শ অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা অ্যাডহক কমিটি এই পুল থেকে শিক্ষক নিয়োগের অনুমোদন দিতে পারবে।
নিযুক্ত শিক্ষকদের সম্মানীর বিষয়ে বলা হয়েছে, প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অত্যাবশ্যকীয় খাত থেকে এই ব্যয় নির্বাহ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অনুরোধ জানানো হয়েছে। এই উদ্যোগের ফলে একদিকে যেমন অভিজ্ঞ শিক্ষকদের মেধা কাজে লাগানো যাবে, অন্যদিকে নিয়োগ জটিলতায় ঝুলে থাকা স্কুলগুলোর শিক্ষা কার্যক্রমও গতিশীল হবে বলে আশা করছে মন্ত্রণালয়।