↩ নিউজ
প্রিন্ট এর তারিখঃ ১৩ এপ্রিল ২০২৬, ৫:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ ১২ এপ্রিল ২০২৬, ৮:৫৭ পি.এম

বিগত অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দিচ্ছে বিএনপি সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে দু-একটি ছাড়া প্রায় সব কর্মকাণ্ডকে সাংবিধানিক বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার। রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, “চতুর্থ তফসিলে যখন দু-একটি বাদে বিগত সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হবে, তখন সেটিও লেজিটিমেট (বৈধ) হয়ে যাবে।” ১২ ফেব্রুয়ারির গণভোট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওই গণভোট অধ্যাদেশ অনুযায়ীই অনুষ্ঠিত হয়েছে এবং এর পূর্ণ বৈধতা রয়েছে। তিনি আরও ব্যাখ্যা করেন যে, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী যে গণভোটের কথা বলা আছে, এটি ঠিক সেই ধরনের না হলেও আইনি প্রক্রিয়ায় এর গ্রহণযোগ্যতা আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, যেহেতু ১২ ফেব্রুয়ারির গণভোট সম্পন্ন হয়ে গেছে, তাই ওই অধ্যাদেশকে নতুন করে আইন করার প্রয়োজন নেই। ভবিষ্যতে গণভোট করতে হলে সংবিধান অনুযায়ী আলাদা আইন পাস করতে হবে। বিরোধীদলের আন্দোলনের হুমকির বিষয়ে তিনি বলেন, যেহেতু সরকার এই কর্মকাণ্ডগুলোকে অবৈধ বলছে না, তাই এখানে আন্দোলনের বা হুমকি দেওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও চিফ হুইপ নুরুল ইসলাম মনির উপস্থিতিতে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে সংসদে এই অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের কাজ চলছে এবং ইতোমধ্যে ২৪টি বিল পাসও হয়েছে।