যবিপ্রবিতে অনুষ্ঠান চলাকালেই উপাচার্য আব্দুল মজিদকে অব্যাহতি, নতুন ভিসি ড. ইয়ারুল কবীর

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক নজিরবিহীন নাটকীয়তার মধ্য দিয়ে উপাচার্য পদে পরিবর্তন এসেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলনের উপস্থিতিতেই বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদের অব্যাহতির আদেশ কার্যকর হয়।
জানা গেছে, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) থেকে স্বীকৃতি অর্জনের লক্ষ্যে আবেদন জমাদান শীর্ষক সেমিনারের আয়োজন করেছিলেন বিদায়ী উপাচার্য। বিকেল ৪টায় শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে প্রবেশ করলে অধ্যাপক আব্দুল মজিদ তাকে নিয়ে প্রশাসনিক ভবন থেকে একাডেমিক ভবনের দিকে যান। পথিমধ্যে তিনি মন্ত্রীকে বিভিন্ন কর্মপরিকল্পনার কথা জানালেও অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরই জানতে পারেন যে, তিনি আর উপাচার্য পদে নেই।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. আব্দুল মজিদকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে তার মূল কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তিনি যবিপ্রবির চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
পৃথক আরেক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীরকে যবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যবিপ্রবি আইন ২০০১-এর ১০ (১) ধারা অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়। শর্তানুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসেই অবস্থান করতে হবে।
সকাল থেকেই শিক্ষামন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকা আব্দুল মজিদ তার অব্যাহতির বিষয়টি ঘুণাক্ষরেও টের পাননি বলে জানা গেছে। আকস্মিক এই পরিবর্তনে ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিস্ময় ছড়িয়ে পড়ে। তবে অব্যাহতির বিষয়ে অধ্যাপক আব্দুল মজিদ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।