পুলিশ কমিশন গঠন ও বিচার বিভাগের স্বাধীনতায় সহযোগিতা দেবে ইইউ: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই সংস্কার প্রক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রয়োজনীয় পরামর্শ ও সেবা দিয়ে সহযোগিতা করতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব নেওয়ায় মন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশকে একটি নির্ভরযোগ্য উন্নয়ন অংশীদার হিসেবে অভিহিত করেন।
মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে পুলিশ সংস্কার ছাড়াও নিরাপত্তা খাত, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে। বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে ইউরোপীয় দেশগুলোর দীর্ঘ অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন রাষ্ট্রদূত। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
দুর্নীতি দমন প্রসঙ্গে ইইউ রাষ্ট্রদূত একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট কৌশল প্রণয়নের ওপর জোর দেন এবং সব ধরনের কারিগরি সহযোগিতা দেওয়ার প্রস্তাব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো দ্রুত চিহ্নিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেছেন। বর্তমান সরকারের মেয়াদে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।