জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন। তিনি আশা প্রকাশ করে আরও বলেন, ড. খলিলুর রহমান অত্যন্ত গর্বের সঙ্গে বিশ্বদরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই সঙ্গে বহুপক্ষীয় ও অভিন্ন বৈশ্বিক সংকট মোকাবিলায় সংযোগ, সংলাপ ও পারস্পরিক সহযোগিতা গড়ে তুলবেন। এই নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রীর সর্বাঙ্গীণ সাফল্যও কামনা করেন প্রধানমন্ত্রী।

এর আগে মঙ্গলবার নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে গৌরবময় এই পদে নির্বাচিত হন বাংলাদেশের ড. খলিলুর রহমান।

নির্বাচনে অংশ নেওয়া মোট ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান পান ৯৯টি ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্দ্রেয়াস এস কাকোরিস লাভ করেন ৯১টি ভোট।

নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। তিনি বিদায়ী সভাপতি জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হবেন।