বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি দলের নীতি, আদর্শ ও সুনির্দিষ্ট পরিকল্পনা নেই, আছে শুধু ‘ধর্মের নামে ট্যাবলেট বিক্রি’। তিনি বলেন, বিএনপি এই ধরনের প্রতারণামূলক রাজনীতিতে বিশ্বাস করে না, বরং তাদের লক্ষ্য মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিশদ পরিকল্পনা নিয়ে কাজ করা।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি এমন মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, “আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের কল্যাণের জন্য সুষ্ঠু পরিকল্পনা কী আছে, তা মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিতে।”
তিনি কঠোর সমালোচনা করে বলেন:
“যে দলের কোনও নীতি-আদর্শ নেই, পরিকল্পনা নেই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতোমধ্যে চিনেছে এবং তাদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে।”
তিনি সতর্ক করে বলেন, যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগে থেকে পরিকল্পনা প্রণয়ন করা না হয়, তাহলে আমরা নিজেরাই ব্যর্থ হওয়ার পরিকল্পনা করছি।
বিএনপির এই নেতা দলের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে দাবি করেন, ‘বাংলাদেশ মানেই বিএনপি, গণতন্ত্রের আরেক নাম বিএনপি’। তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে পঞ্চম সংশোধনী পর্যন্ত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পথ তৈরি করেছিলেন। এছাড়া ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯১ সালে সংসদীয় পদ্ধতি এবং ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা—এসবই বিএনপির অবদান।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরাসরি মন্তব্য করে বলেন, “জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে।”
সাত দিনব্যাপী বিএনপির এই কর্মসূচির আজ দ্বিতীয় দিন ছিল। এই কর্মসূচির মাধ্যমে, আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের মতামত সংগ্রহ করা হবে, যার আলোকে প্রস্তুত হবে দলটির নির্বাচনী ইশতেহার। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচি আগামী ১৩ ডিসেম্বর শেষ হবে।



