শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি স্পষ্টভাবে বলেন, একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশবাসীকে উপহার দিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ভোট কারচুপির কোনো শঙ্কা নেই। এ সময় তিনি গণমাধ্যম ও জনগণের সহযোগিতা কামনা করে বলেন, “কোথাও যদি কোনোরকম কারচুপি হয় আমাদের জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব”।

নির্বাচনের পরিবেশ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এবারের ভোট অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটি একটি ‘ক্রেডিবল’ বা বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে গণ্য হবে বলে তিনি মন্তব্য করেন।

বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এবং যেখানে যেমন ব্যবস্থা প্রয়োজন, সেই অনুযায়ী প্রশাসনের প্রস্তুতি রয়েছে। ফরিদপুরে আয়োজিত মতবিনিময় সভায়ও নির্বাচনের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর বলে তিনি পুনরুক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *