দেশের তরুণ প্রজন্মকেই বাংলাদেশের ভবিষ্যৎ উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু পাঠ্যবিষয় আত্মস্থ করার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন, উদ্ভাবন এবং কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষায় জোর দিতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, জীবনের প্রারম্ভেই লক্ষ্য নির্ধারণ করে মেধা, দক্ষতা ও জ্ঞানকে দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। বর্তমান বিশ্ব বদলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কারিগরি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও আধুনিক প্রযুক্তিভিত্তিক দক্ষতার গুরুত্ব এখন অপরিসীম। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের নিবিড় সংযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্মজীবনের প্রস্তুতি একযোগে এগিয়ে নেওয়ার ওপর তাগিদ দেন তিনি।
জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবং ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সর্দার ও মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।



