রোহিঙ্গা প্রত্যাবাসনে ওআইসির দৃঢ় সমর্থনের আশ্বাস নবনির্বাচিত মহাসচিবের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) দৃঢ় সমর্থন ও পাশে থাকার আশ্বাস দিয়েছেন সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সাক্ষাতকালে রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের আনুষ্ঠানিক অভিনন্দনপত্র মহাসচিবের কাছে হস্তান্তর করেন।

বৈঠককালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ভূয়সী প্রশংসা করেন ওআইসি মহাসচিব। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা আরও নতুন গতি লাভ করবে। নতুন দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করায় তিনি ধন্যবাদ জানান।

গাজীপুরে অবস্থিত ওআইসির অঙ্গপ্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভূমিকা স্মরণ করে মহাসচিব জানান, মুসলিম বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির অবদান প্রশংসনীয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ বিভিন্ন ক্ষেত্রে আইইউটির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এ ছাড়া তাঁর সফরসূচির তালিকায় বাংলাদেশ শীর্ষ সারিতে রয়েছে বলেও উল্লেখ করেন।

সাক্ষাৎকালে উভয়পক্ষ একমত হন যে, প্রাকৃতিক ও অর্থনৈতিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে ওআইসিভুক্ত দেশগুলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনীতি সমৃদ্ধ করতে পারে। বিশেষ করে চুক্তিভিত্তিক চাষাবাদ (কনট্রাক্ট ফার্মিং), স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, আতিথেয়তা ও শিক্ষা খাতে যৌথ প্রকল্পের মাধ্যমে ‘উইন-উইন’ ভিত্তিতে একসঙ্গে কাজ করার অপার সুযোগ রয়েছে।

বাংলাদেশের জনগণ ও নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশের জন্য ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত জাবেদ। তিনি পুনর্ব্যক্ত করেন যে, বৈশ্বিক ও আঞ্চলিক নানা ইস্যুতে আগামী দিনে ওআইসি সচিবালয়ের সঙ্গে বাংলাদেশ আরও নিবিড়ভাবে কাজ করে যাবে।