গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রেখে অপতথ্য রোধে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সরকার রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশের রাজনৈতিক সংস্কৃতিতেও গুণগত পরিবর্তন আনতে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার সমুন্নত রেখেই যেকোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি স্পষ্ট করেন যে, সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে নতুন তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত।

রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের উদাহরণ টেনে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) বিরোধী দলের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। তবে স্বাধীন গণমাধ্যমের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের ওপর গুরুত্ব দেন মার্কিন রাষ্ট্রদূত।

বৈঠকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে অপপ্রচার চালানো বন্ধে কার্যকর ব্যবস্থার কথা তুলে ধরেন। সাধারণ মানুষকে অপতথ্যের ক্ষতি থেকে বাঁচাতে এবং নিরাপদ ডিজিটাল মাধ্যম তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর জোর দেন তিনি।

অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্যসহ নানা ক্ষেত্রে ক্রমান্বয়ে সুদৃঢ় হচ্ছে। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থনৈতিক সহায়তা এবং স্বাস্থ্যখাতে সংক্রামক রোগ প্রতিরোধে বিশেষ সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।