অপরাধের ধরন বদলালেও পুলিশ আধুনিকায়ন হয়নি, থানা পর্যায় বসবে সাইবার সিকিউরিটি ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সময়ের সাথে সাথে অপরাধের ধরন ও কৌশল বদলালেও সেই অনুপাতে পুলিশ বাহিনীর আধুনিকায়ন এখনো সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, তবে সেই তুলনায় পুলিশ প্রযুক্তিগতভাবে এখনো কিছুটা পিছিয়ে রয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপরাধ নিয়ন্ত্রণে প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাইবার জগতে সংঘটিত অপরাধ রোধ ও দ্রুত ব্যবস্থা নিতে দেশের প্রতিটি থানা ও উপজেলা পর্যায়ে অত্যাধুনিক ‘সাইবার সিকিউরিটি ল্যাব’ স্থাপন করা হবে।

অনুষ্ঠানে অপরাধ সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রাইম রিপোর্টাররা সবসময় নিজেদের জীবন ঝুঁকি নিয়ে সত্য উন্মোচনে কাজ করেন। যারা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাঁদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে ‘ঝুঁকি ভাতা’ দেওয়া যায় কিনা, সে বিষয়ে চিন্তাভাবনা ও কাজ করা যেতে পারে।

বিদ্যমান আইন ও বিচার ব্যবস্থার নানা সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রচলিত আইনের ফাঁকফোকর বা দুর্বলতার কারণে অনেক সময় অপরাধীরা গ্রেফতারের পরপরই সহজেই জামিনে বেরিয়ে আসছে। এ জন্য প্রচলিত আইনের প্রয়োজনীয় সংশোধনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

যুবসমাজ ও সামাজিক অপরাধের পেছনে জুয়া এবং মাদকের প্রত্যক্ষ হাত রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের আসল কারণ খুঁজে বের করতে আগে গভীর গবেষণা প্রয়োজন। ঠিক কী কারণে অপরাধ সংঘটিত হচ্ছে তা চিহ্নিত করে তা নির্মূলের মাধ্যমে অপরাধের মাত্রা কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।