বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, মানুষকে ধোঁকা দিয়ে আর কোনো কাজ হবে না। বাংলাদেশ আর কখনো বিশ্বে ফ্যাসিবাদী দেশ হিসেবে পরিচিত হতে চায় না। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, “আমরা অপশাসনের বিরুদ্ধে লড়ে যাব। আমাদের লক্ষ্য একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা।” সাম্প্রতিক পরিসংখ্যান তুলে ধরে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এবং ২০৫০ সালে ঢাকা হবে বিশ্বের বৃহত্তম জনবহুল শহর। এই বিশাল জনপদকে কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়ে গভীর উদ্বেগের অবকাশ রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছরে দেশের অর্থনীতি ও ব্যবস্থাপনার যে ভিত্তি গড়েছিলেন, আগামী দিনের নেতৃত্বকে সেই ধারা অনুসরণ করতে হবে।
আওয়ামী লীগের শাসনব্যবস্থার সমালোচনা করে মঈন খান বলেন, তারা দেশসেবার পরিবর্তে ‘অলিগার্কি’ বা গোষ্ঠীশাসন কায়েম করেছিল। সমাজের মুষ্টিমেয় ধনী লোকদের সুযোগ দিয়ে সাধারণ দরিদ্র মানুষকে আরও কোণঠাসা করা হয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও মানুষের অর্থনৈতিক মুক্তি ও গণতন্ত্র এখনো অধরা রয়ে গেছে বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, “ মানুষ গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিল। কিন্তু ৫৪ বছর পরও কেন আমাদের গণতন্ত্র খুঁজে ফিরতে হয়? যারা অতীতে এবং বর্তমানে দেশের নেতৃত্বে আছেন, তাদের জবাব দিতে হবে তারা কেন ব্যর্থ হয়েছেন।” মঈন খান আরও যোগ করেন যে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থা অনেক সময় নিষ্ঠুর হয়ে ওঠে এবং মানুষের অনুভূতি ভোঁতা করে দেয়। তাই ভবিষ্যতে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবেন, তাদের অবশ্যই মানুষের বাকস্বাধীনতা ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার স্বচ্ছ প্রতিশ্রুতি দিতে হবে।
ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।



