বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া এ কে এম শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
জানা গেছে, শনিবার তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করতে যান। এ সময় দূর থেকে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে কটূক্তি ও গালাগালি করতে থাকেন। বিষয়টি তারেক রহমানের নজরে না আসলেও উপস্থিত পুলিশের নজরে আসে। পরবর্তীতে পুলিশ ওই ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে এবং আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি জানার পরপরই তারেক রহমান গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে ছাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেন। এরই প্রেক্ষিতে রাতে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রদান করা হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে একটি গণতান্ত্রিক দেশে যে কোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। মানুষের বাক-ব্যক্তি ও চিন্তার স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার এবং নাগরিক অধিকার। এই অধিকার ব্যক্তিকে নির্ভয়ে নিজের মতামত প্রকাশের সুযোগ দেয়। ফলে নিজের মত প্রকাশের কারণে শহিদুল ইসলামকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ করা সঠিক হয়নি বলে মনে করে দলটি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিএনপি দীর্ঘ সময় ধরে মানুষের গণতান্ত্রিক অধিকার ও বাক-স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। সেই জায়গা থেকে অবিলম্বে এ কে এম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
ঘটনাটি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে, যেখানে নিজের সমালোচনাকারীর আইনি সুরক্ষায় এগিয়ে আসার দৃষ্টান্ত দেখাল বিএনপি।



