আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রিটকারী আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ এই আবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। রিটে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত ওই বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করার আর্জি জানানো হয়েছে।
রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনে বর্তমান তফশিল বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার গঠনপূর্বক নতুন করে নির্বাচনের সময়সূচি ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী ইউনুছ আলী আকন্দ যুক্তি দিয়েছেন যে, দেশের সংবিধানে ‘অন্তর্বর্তী সরকার’-এর কোনো উল্লেখ নেই। তাঁর দাবি অনুযায়ী, এই সরকারের অধীনে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না; নির্বাচন হতে হবে হয় তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত সরকারের অধীনে।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সিইসি এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের এই সময়সূচি ঘোষণা করেছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে সাধারণ নির্বাচন এবং একই সঙ্গে ‘জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫’-এর ওপর গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আইনজীবী সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহেই বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। এখন উচ্চ আদালত এই বিষয়ে কী নির্দেশনা দেন, সেদিকেই সবার নজর।



