বর্তমান প্রেক্ষাপটে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ তার সিদ্ধান্তে অনড় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। এই অবস্থান ও যৌক্তিকতা আইসিসিকে বোঝাতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বোর্ডের পরিচালকবৃন্দ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠক শেষে উপদেষ্টা এই সিদ্ধান্তের কথা জানান।
আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, “আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা এবং দেশের মর্যাদা—এই প্রশ্নে আমরা কোনো আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই এবং বিশ্বকাপে অংশ নিতে চাই। তবে ভারতের পরিবর্তে বিকল্প আয়োজক দেশ হিসেবে আমরা শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী।”
উপদেষ্টা আরও জানান, এই অবস্থানে বাংলাদেশ কেন অনড় রয়েছে, তা আইসিসির কাছে তুলে ধরা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, আইসিসি বাংলাদেশের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করবে এবং কষ্ট করে অর্জন করা টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলার সুযোগ নিশ্চিত করবে।
উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতোমধ্যে তাদের উদ্বেগের কথা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করেছে। বিসিবির এই দাবির প্রেক্ষিতে আইসিসি জানিয়েছে, তারা উদ্ভূত উদ্বেগ সমাধানে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী।



