তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরছেন মিজানুর রহমান চৌধুরী

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনে বিএনপির অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী।

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় মিজানুর রহমান চৌধুরী এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। বার্তায় তিনি জানান, গত ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে গুলশান কার্যালয়ে ডেকে পাঠান এবং দল ও দেশের বর্তমান প্রেক্ষাপটে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন। দলীয় প্রধানের এই অনুরোধকে সম্মান জানিয়ে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে মিজানুর রহমান চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং যাচাই-বাছাইয়ে তার প্রার্থিতা বৈধ বলে ঘোষিত হয়েছিল। এই আসনে বিএনপি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে দলীয় প্রতীক দিয়েছে। এলাকায় মিজানুর রহমান চৌধুরীর শক্ত জনভিত্তি ও কর্মী-সমর্থক থাকায় তার প্রার্থী হওয়া দলীয় প্রার্থীর জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছিল।

ভোটারদের উদ্দেশ্যে মিজান চৌধুরী বলেন, “আপনাদের ভালোবাসা ও আবেগ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবুও দলের সর্বোচ্চ নীতি নির্ধারকের অনুরোধ উপেক্ষা করা আমার জন্য অনেক কঠিন।” তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির আদর্শে অবিচল এবং দলের এই ক্রান্তিলগ্নে ব্যক্তিগত ইচ্ছার চেয়ে দলীয় সংহতিকে প্রাধান্য দিয়েছেন।

২০১৮ সালের নির্বাচনেও বিএনপি প্রার্থী হিসেবে মিজানুর রহমান চৌধুরী ওই এলাকায় ব্যাপক সাড়া ফেলেছিলেন। হঠাৎ এই প্রত্যাহারের সিদ্ধান্তে সমর্থকদের মনে কষ্ট পাওয়ার বিষয়টি অনুধাবন করে তিনি সকলের কাছে ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করেছেন। একই সঙ্গে ভবিষ্যতেও ছাতক ও দোয়ারাবাজারবাসীর সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *