ট্যাক্স ফাঁকি দেওয়া মানে ১৮ কোটি জনগণকে ঠকানো: এনবিআর চেয়ারম্যান

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন, ট্যাক্স হচ্ছে জনগণের হক। এই অর্থ সরাসরি সরকারের ট্রেজারিতে জমা হয় এবং এর প্রকৃত মালিক দেশের ১৮ কোটি মানুষ। ফলে ট্যাক্স ফাঁকি দেওয়া মানে কেবল সরকারকে নয়, বরং দেশের ১৮ কোটি জনগণকেই ফাঁকি দেওয়া।

শনিবার (১০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির অভিষেক উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এনবিআর চেয়ারম্যান কর প্রদানের নৈতিক দিকটি তুলে ধরে বলেন, “একজন মানুষকে ঠকানোর পর তার কাছে মাফ চাওয়ার সুযোগ থাকে। কিন্তু আপনি যখন দেশের ১৮ কোটি মানুষকে ঠকাবেন, তখন কতজনের কাছে মাফ চাইবেন? আপনি এই মাফ পাবেন না।” তিনি জোর দিয়ে বলেন, আইন মেনে চলা এবং কর প্রদান করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব।

রাষ্ট্রকে একটি বড় পরিবারের সঙ্গে তুলনা করে তিনি বলেন, পরিবারের ১৮ কোটি মানুষই রোজগার করবে না। যারা বেশি আয় করবেন তারা বেশি কর দেবেন, আর যারা কম আয় করবেন তারা কম দেবেন। আবার যারা কোনো আয় করবেন না, সরকার উল্টো তাদের সহায়তা করবে। তবে দুঃখজনকভাবে বাংলাদেশে এখনো এমন সংস্কৃতি পুরোপুরি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন।

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মালিক সোহেল সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবিআর সদস্য একেএম বদিউল আলম, ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার রওশন আখতার এবং বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর আইনজীবী নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী জিন্নাহ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *