ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও প্রার্থী জোনায়েদ সাকি ভোটারদের প্রতি ভোট চুরি প্রতিরোধের আহ্বান জানিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) উপজেলার ফরদাবাদ ইউনিয়নে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি বলেন, অতীতে ভোট চুরির মাধ্যমে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “ভোট চুরি চাই না, আমরা শান্তিপূর্ণ ভোট চাই। মানুষের দেওয়া ভোট চাই, যাতে আমরা জিতি–হারি, সেটা গ্রহণ করার মানসিকতা থাকে।” তিনি পরিষ্কার করেন যে, জোর করে নয় বরং মানুষের প্রকৃত ভালোবাসায় জিততে চান।
এবারের নির্বাচনকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই হিসেবে অভিহিত করে জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রের ভিত্তি হচ্ছে জনগণ এবং ১৮ কোটি মানুষের প্রত্যেকের অধিকার সমান। তিনি মানবিক মর্যাদা প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে বলেন, এখানে ধর্ম, জাতি বা নারী-পুরুষের কোনো ভেদাভেদ নেই। বাঞ্ছারামপুর এলাকাকে নিরাপদ করার লক্ষ্য নিয়ে তিনি আরও বলেন যে, এই অঞ্চলে কোনো সন্ত্রাসের আধিপত্য, রাজনৈতিক হানাহানি বা খুনাখুনি চলতে দেওয়া হবে না।
এদিন জোনায়েদ সাকি ‘উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর’ গড়ার লক্ষ্য নিয়ে দিনভর জনসংযোগ ও উঠান বৈঠক করেন। সকালে নিজ ইউনিয়ন ফরদাবাদের কলাকান্দি গ্রাম থেকে শুরু করে নিজকান্দি, পূর্ব হাটি, পূর্ব কান্দা, দক্ষিণ পাড়াসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কৃষক, শ্রমিক, দোকানি ও সাধারণ পথচারীদের সঙ্গে কথা বলেন। বৈঠকে তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে খেটে খাওয়া মানুষ তাদের ন্যায্য অধিকার পাবেন। পাশাপাশি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও সেতুর উন্নয়নসহ কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দেন তিনি।
প্রচারণার এক পর্যায়ে উপজেলার ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নে জোনায়েদ সাকির কর্মী-সমর্থকেরা মাথায় ‘মাথাল’ নিয়ে এক বর্ণাঢ্য মিছিল বের করেন। মিছিলে তারেক রহমান, ধানের শীষ ও জোনায়েদ সাকির সালাম জানিয়ে মাথাল মার্কায় ভোট দেওয়ার স্লোগান দেওয়া হয়। মিছিলে নারীদের সরব অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত থেকে জোনায়েদ সাকির মাথাল মার্কার সমর্থনে সংহতি প্রকাশ করেন।
জোনায়েদ সাকি তাঁর বক্তব্যে স্মরণ করিয়ে দেন যে, বিএনপি ও গণসংহতি আন্দোলন দীর্ঘ সময় ধরে যুগপৎ লড়াই করে আসছে এবং জনগণের স্বার্থের বাইরে তাঁদের ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই।



