আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংশ্লিষ্ট আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান এবং খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ (তৃতীয় আদালত) মো. বুলবুল আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এই নির্দেশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি বিধিমালা ভঙ্গের একাধিক অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো তদন্তের স্বার্থে আগামী ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় তাকে নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
রকিবুল ইসলাম বকুলের বিরুদ্ধে অভিযোগ করেছেন ওই আসনেরই ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রতিনিধি মো. ইকবাল হোসেন। অভিযোগের বিবরণে বলা হয়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) দৌলতপুর ও খালিশপুর অঞ্চলে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি মাইক ব্যবহার করা হয়েছে। নির্বাচনি আইন অনুযায়ী অনধিক তিনটি মাইক ব্যবহারের অনুমতি থাকলেও প্রার্থীর সমর্থকরা তা মানছেন না। এছাড়া প্রতিটি গাড়িতে একটি হর্ন ব্যবহারের আইন থাকলেও তা লঙ্ঘন করে প্রতিটি গাড়িতে দুটি করে হর্ন ব্যবহার করা হচ্ছে।
প্রচারণার সরঞ্জামের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ আনা হয়েছে। বিএল কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়কে সিটি করপোরেশনের বিলবোর্ড এবং কালার পিভিসি ব্যবহারের অভিযোগ করা হয়েছে। একইসাথে ফেস্টুনের আকার ১৮ ইঞ্চি বাই ২৪ ইঞ্চি হওয়ার কথা থাকলেও আইন অমান্য করে বড় আকারের ফেস্টুন ব্যবহার করা হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনি অনুসন্ধান কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আচরণবিধি ভঙ্গের এসব অভিযোগের বিষয়ে প্রার্থীর বক্তব্য শোনার পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি এলাকায় আচরণবিধি বাস্তবায়নে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।



