জামায়াত আমিরের কড়া সমালোচনা করলেন চরমোনাই পীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জামায়াতে ইসলামীর আমিরের তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জনসভায় জামায়াত আমির শফিকুর রহমানকে ইঙ্গিত করে রেজাউল করিম বলেন, তিনি বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন, যা ইসলামী আন্দোলনের আদর্শ হতে পারে না। তিনি আরও অভিযোগ করেন, জামায়াত আমির পরিষ্কারভাবে জানিয়েছেন যে তারা ইসলামের নীতি ও আদর্শে দেশ চালাবেন না।

বক্তব্যে চরমোনাই পীর বিগত সময়ে তাঁর দলের সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে অরাজকতা চলাকালীন ইসলামী আন্দোলন সংখ্যালঘুদের জান-মাল ও ইজ্জত রক্ষায় পাহারাদারের দায়িত্ব পালন করেছে। এমনকি কোভিড-১৯ মহামারির সময়ে জীবনের ঝুঁকি নিয়ে করোনায় মৃত ব্যক্তিদের জানাজা ও দাফনের ব্যবস্থা করার বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন।

রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি দাবি করেন, বর্তমানে নির্বাচনে জামায়াত ও বিএনপির যে জোটগুলো রয়েছে, তারা কেউই ইসলাম প্রতিষ্ঠা করবে না। এমতাবস্থায় ইসলামী আদর্শ, নীতি ও শরিয়াহ আইন অনুযায়ী দেশ পরিচালনার জন্য তিনি ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উক্ত সভায় মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফজলুল করিম শাহরিয়ারের পক্ষে সমর্থন ও ভোট প্রার্থনা করেন। জনসভায় দলটির স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *