একটি রাজনৈতিক দল কর্তৃক কর্মজীবী নারীদের নিয়ে করা সাম্প্রতিক মন্তব্যকে ‘কলঙ্কজনক’ বলে অভিহিত করেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা নগরের প্রভাতী স্কুল মাঠে আয়োজিত বিএনপির এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জনসভায় জনাব তারেক রহমান বলেন, বাংলাদেশের মা-বোনদের যারা এভাবে অপমানিত করে, তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, “আজকে বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলব আমি, যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে, তাদেরকে আপনারা কীভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।”
সরাসরি কোনো দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, মাত্র দুদিন আগে একটি রাজনৈতিক দলের নেতা কর্মসংস্থানে যাওয়া নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেন, “আপনাদের সামনে বলতে রীতিমতো লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ মা–বোনদের জন্য ব্যবহার করেছেন, যা এ দেশের জন্য কলঙ্কস্বরূপ। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, নির্বাচন পরবর্তী সময় তাদের আচরণ কী হতে পারে?”
বিএনপির চেয়ারম্যান অভিযোগ করেন যে, এই গোষ্ঠীটি কেবল নিজেদের স্বার্থ বোঝে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে। তিনি বলেন, “এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে।”
জনসভায় জনাব তারেক রহমান ভোটারদের সতর্ক করে বলেন, এই ধরনের মানসিকতাসম্পন্ন রাজনৈতিক শক্তি দেশের সামগ্রিক পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। খুলনার এই নির্বাচনি জনসভায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



