জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই: চরমোনাই পীর

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ক্ষমতার লোভে রাজনীতি করলে কোনো নীতি অবশিষ্ট থাকে না। তিনি জোর দিয়ে বলেন, তার দল ব্যক্তিগত স্বার্থ বা মন্ত্রী-এমপি হওয়ার জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, দেশপ্রেম এবং মানুষের সেবার লক্ষ্য নিয়ে রাজনীতি করে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের বিগত শাসন আমলগুলোর সমালোচনা করে রেজাউল করীম বলেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের কারণেই বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ার ফলে ‘বেগমপাড়া’র মতো জায়গা তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বক্তব্যের একপর্যায়ে জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ৫ আগস্টের পর তাদের প্রকৃত রূপ জনগণের কাছে প্রকাশিত হয়েছে। তিনি দাবি করেন, জামায়াতের মতো এত বড় মিথ্যাবাদী দুনিয়ায় দ্বিতীয়টি আর নেই। ক্ষমতায় গেলে তারা শরিয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না বলেও তিনি অভিযোগ করেন। রেজাউল করীম উল্লেখ করেন, ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার সুস্পষ্ট অঙ্গীকার না থাকায় ওই জোট থেকে বেরিয়ে এসে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জোট ত্যাগের বিষয়ে তিনি আরও বলেন, অনেকে ভেবেছিল জোট ছাড়ার পর ইসলামী আন্দোলন একা হয়ে পড়েছে, কিন্তু বাস্তবে দলটি এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী। সাধারণ মানুষ হাতপাখা মার্কায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে তিনি দাবি করেন।

বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও উপস্থিত ছিলেন দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। আগামী ১২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনের নির্বাচনে নিজ দলের প্রার্থীর বিজয়ের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *