আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের দিন ভোটাররা ভোটকেন্দ্রে বা এর ৪০০ গজের মধ্যে কোনো মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
কমিশন স্পষ্ট করেছে যে, কেন্দ্রে ফোন রাখার সুযোগ পাবেন কেবল নির্দিষ্ট কিছু স্তরের দায়িত্বশীল ব্যক্তিরা। এর মধ্যে রয়েছেন প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য। সাধারণ ভোটার বা অন্য কারো জন্য এই সুযোগ থাকছে না।
এদিকে, এবারের নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এই ক্যামেরাগুলোর কার্যকারিতা নিয়ে একটি সরাসরি প্রদর্শনীও অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনি সহিংসতা ও গোলযোগ মোকাবিলায় ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ পুরোপুরি চালু করার কথা জানানো হয়েছে। এই অ্যাপটি মূলত নির্বাচনি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যবহার করবেন। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনকে বার্তা পাঠানো সম্ভব হবে, যা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
নির্বাচন কমিশনের এই পদক্ষেপগুলো একটি স্বচ্ছ ও নিরাপদ ভোটগ্রহণের পরিবেশ তৈরি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার নজর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের দিকে।



