তীব্র শীতে কাঁপছে উত্তর জনপদ। রোববার (৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকালেও তেঁতুলিয়ায় একই তাপমাত্রা (১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, এটিই চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
স্থানীয়রা জানিয়েছেন, সারাদিনই ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে এবং শেষ বিকালে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত।
তীব্র শীতের কারণে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর ভিড় বেড়েছে। হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন ভিড় করছেন সাধারণ মানুষ, যাদের মধ্যে বেশির ভাগই শিশু ও বৃদ্ধ।
চিকিৎসকরা জানিয়েছেন, শীতজনিত রোগে যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন, কেবল তারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে।
শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।
তিনি জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জেলায় শীতবস্ত্র সহায়তার জন্য ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই বরাদ্দের মাধ্যমে ইতোমধ্যে পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৮ হাজার ৬৪০টি কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত রয়েছে।



