গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দিরে এই বিশেষ আয়োজন করা হয়। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা সারিবদ্ধভাবে বসে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করেন এবং পাঠ শেষে সম্মিলিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ প্রার্থনা করেন।
উত্তরপাড়া শিববাড়ি সেবা সংঘ মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজিব তালুকদার এই বিশেষ প্রার্থনার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “আজকে আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ভগবান শ্রী কৃষ্ণের কাছে প্রার্থনা করেছি। বেগম জিয়া যেন সুস্থ হয়ে আবার দেশবাসীর মাঝে ফিরে আসতে পারে।”
তিনি আরও বলেন, “দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। উনার সুস্থ্যতার জন্য আজকের এই বিশেষ প্রার্থনার আয়োজন করেছি। আমাদের নেত্রী যেন সম্পূর্ণ রুপে সুস্থ হয়ে যান এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারেন।”
সারা দেশে যখন বিএনপি ও এর সহযোগী দলগুলো মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা কর্মসূচি পালন করছে, তখন দুর্গাপুরের সনাতন ধর্মাবলম্বীদের এই আয়োজন ধর্মীয় সম্প্রীতি ও সর্বস্তরের মানুষের কাছে তাঁর জনপ্রিয়তার চিত্র তুলে ধরল।



