বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বাংলাদেশ এলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে তাঁর দল বিলুপ্ত করে বিপুল সংখ্যক নেতা–কর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এই যোগদানের পরপরই তাঁকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর–১ আসন থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগ দিয়ে শাহাদাত হোসেন সেলিম বলেন, ছাত্রদল থেকে শুরু করে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং পরিস্থিতিগত কারণে সরে যেতে হলেও হৃদয়ে সব সময় বিএনপিকেই ধারণ করেছেন।
এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে প্রত্যাবর্তনকে ‘ঘরে ফেরা’র সঙ্গে তুলনা করে সেলিম বলেন, তিনি বিএনপির নীতিনির্ধারকদের কাছে অনুরোধ জানাচ্ছেন, “এলডিপি থেকে যেসব নেতা–কর্মী বিএনপিতে যোগ দিচ্ছেন, তাঁদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়।”
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী শাহাদাত হোসেন সেলিম ও তাঁর সহযোদ্ধাদের বিএনপিতে যোগদানকে ‘একটি বড় ও সাহসী সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন।
বক্তব্যের শেষে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেন, শাহাদাত হোসেন সেলিমের অবদান বিবেচনা করে তাঁকে বিএনপি থেকে লক্ষ্মীপুর–১ আসনের মনোনয়ন দেওয়া হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শাহাদাত হোসেন সেলিমের এই যোগদান একটি ‘গুরুত্বপূর্ণ বার্তা’ বহন করে। তিনি সেলিমের আন্দোলন–সংগ্রামের ভূমিকার প্রশংসা করে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির শক্তি বাড়ানোর আহ্বান জানান।



