তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতা ঘোষণা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

দীর্ঘ ১৮ বছর নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন একটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি, যার নাম দেওয়া হয়েছে— ‘আমার ভাবনায় বাংলাদেশ: জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকালে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন। তিনি জানান, রিল মেকিং প্রতিযোগিতাটি ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় যে কেউ ১ মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করে অংশ নিতে পারবেন। মোট ১১টি নির্ধারিত থিমের যেকোনো একটি বিষয়ে রিল তৈরি করতে হবে।

মাহাদী আমিন জানান, প্রতিযোগিতায় সেরা ১০ জন অংশগ্রহণকারী একটি বিশেষ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপের সুযোগ পাবেন। কর্মসূচি উপলক্ষে প্রকাশিত লিফলেটে অংশগ্রহণের ছয়টি ধাপ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নির্ধারিত ১১টি থিমের মধ্যে একটি বেছে নেওয়া এবং ১ মিনিটের মধ্যে রিল তৈরি করা।

অংশগ্রহণকারীদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকের মতো যেকোনো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ অ্যাকাউন্টে রিলটি পোস্ট করতে হবে। রিলের ক্যাপশনে হ্যাশট্যাগসহ অবশ্যই ‘বাংলাদেশ ফাস্ট’ ব্যবহার করতে হবে। সর্বশেষ ধাপে রিলটির লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে পোস্ট করতে হবে।

রিল তৈরির ক্ষেত্রে একক বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ বা অভিনয়সহ যেকোনো ভিডিও কনটেন্ট ব্যবহার করা যাবে। মূল্যায়ন পদ্ধতিতে ৩০ শতাংশ জনমতের ভিত্তিতে এবং বাকি ৭০ শতাংশ জুরি বোর্ডের মাধ্যমে বিচার করা হবে। প্রতিযোগিতার জন্য নির্ধারিত থিমগুলো হলো— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম ও মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

নতুন কার্যালয়টি নিয়ে প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, এটি বিএনপির একটি অফিস এবং এটিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয় বলা ঠিক হবে না। তিনি আরও জানান, দলের ভবিষ্যৎ নির্বাচনী কার্যক্রমও এই কার্যালয় থেকেই পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *