ভারতে অবস্থানরত হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত চেয়ে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা জুলাই ঐক্যের

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জুলাই গণহত্যা এবং ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে দেওয়ার দাবিতে এবং ভারতের কথিত রাজনৈতিক হস্তক্ষেপ ও গণমাধ্যম ষড়যন্ত্রের অভিযোগে ‘জুলাই ঐক্য’ ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ৩টায় এই কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক ও জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের কর্মসূচির বিষয়ে গণমাধ্যমকে জানান, তাঁর মতে, “বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি হলো ক্রমাগত ভারতীয় আগ্রাসন।” তিনি বলেন, “বাংলাদেশের জুলাই-আগস্টের যে সমস্ত খুনিরা ভারতে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশের জনসাধারণকে সঙ্গে নিয়ে জুলাই ঐক্য ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে মার্চ করবে এবং প্রতিবাদ জানাবে।”

এবি জুবায়ের আরও উল্লেখ করেন যে, ভারতীয় মদদপুষ্ট মিডিয়া এবং রাজনৈতিক দল যেন বাংলাদেশে কোনো ধরনের কার্যক্রমে যুক্ত থাকতে না পারে, তার বিরুদ্ধেও তাঁরা প্রতিবাদ জানিয়ে আসবেন। এই ‘মার্চ টু হাইকমিশন’ কর্মসূচির মাধ্যমে জুলাই ঐক্য ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *