হাদির ওপর হামলায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধান উপদেষ্টা

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই কঠোর বার্তা দেন। তিনি দৃঢ়তার সঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে, “যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

প্রধান উপদেষ্টা বলেন, সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। তিনি গভীর বেদনার সঙ্গে উল্লেখ করেন, “এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি—জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়—এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।”

ভাষণে তিনি আরও উল্লেখ করেন, হামলায় গুরুতর আহত হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এবং উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। এ সময় তিনি দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

পরাজিত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করে দেওয়া হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই—পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না।”

দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অপপ্রচার বা গুজবে কান দেওয়া যাবে না। তিনি বলেন, যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, সেই ফ্যাসিস্ট টেরোরিস্টদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। প্রফেসর ইউনূস দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *