আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, তাদের দেখামাত্রই দ্রুত আইনি ব্যবস্থা নিতে পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জে বিকেএমইএ (BKMEA) কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
অনুষ্ঠানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির এক সমর্থক অভিযোগ করেন যে, আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। এর জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, “আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা আছে কি না, তা বিবেচ্য নয়, তাদের দেখামাত্রই আইনের আওতায় আনতে হবে।” এ সময় পুলিশ কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, যদি সন্ত্রাসীদের ধরা না হয়, তবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তা শঙ্কায় এক প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি বলেন, “সামগ্রিকভাবে দেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই। এমন পরিবেশে যদি কেউ ব্যক্তিগতভাবে নিরাপত্তাহীনতায় ভোগেন, সেটি তাঁর অনুভূতির বিষয়, তবে সার্বিক নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই-আগস্টের বীর যোদ্ধা শরীফ ওসমান হাদির কথা উল্লেখ করে সবার কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চান। তিনি বলেন, হাদি দেশের জন্য লড়েছেন এবং বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন।
এছাড়া, নারায়ণগঞ্জে পুলিশ ভ্যান প্রদান করায় বিকেএমইএ-কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আন্দোলনের সময় পুলিশের অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সংকটময় সময়ে ব্যবসায়ী সংগঠনগুলোর এগিয়ে আসা একটি দৃষ্টান্তমূলক কাজ। ভারতীয় ভিসা সেন্টার বন্ধের বিষয়ে তিনি বলেন, এমন খবর তাঁর জানা নেই।
বিকেএমইএ-র সভাপতি মো. হাতেমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) মো. খোদা বখস চৌধুরী, অতিরিক্ত আইজিপি ও শিল্প পুলিশ প্রধান গাজী জসিম উদ্দিনসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



