প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয় এবং ফার্মগেটে ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত ছাত্র-জনতা এই বিক্ষোভ ও হামলা চালায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ পাওয়ার পর শাহবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে অবস্থানরত জনতা প্রথম আলো ও ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধরা ভবনের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র, কম্পিউটার ও বিভিন্ন নথিপত্র ভাঙচুর করে নিচে ফেলে দেন এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করেন।

প্রথম আলো কার্যালয়ে হামলার পর বিক্ষোভকারীরা নিকটবর্তী ফার্মগেটে অবস্থিত বহুতল ডেইলি স্টার ভবনের সামনে জড়ো হন। সেখানেও তারা ভবনের ভেতরে ঢুকে পড়েন এবং অগ্নিসংযোগ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। অগ্নিকাণ্ডের পর কার্যালয় দুটির সামনে শত শত মানুষকে জড়ো হয়ে স্লোগান দিতে দেখা গেছে।

হামলার পর ঘটনাস্থলে দ্রুত সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ফায়ার স্টেশনের মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে বিক্ষুব্ধ জনতার কারণে ইউনিটগুলো বিভিন্ন স্থানে আটকে পড়ে। পরবর্তী সময়ে সেনাবাহিনীর সহায়তায় প্রথম আলোতে দুটি ইউনিট এবং ডেইলি স্টারে একটি ইউনিট আগুন নির্বাপণের কাজ শুরু করে। পুলিশের সহায়তায় অন্য ইউনিটগুলোও ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে।

বর্তমানে কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং আর কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *