‘নতুন নাটোর, নতুন আশা’ স্লোগানকে সামনে রেখে নাটোর-২ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাঁর নির্বাচনি এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার সকাল থেকে তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে একাধিক পথসভায় বক্তব্য দেন।
পথসভায় দুলু অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এখনো একটি বিশেষ মহলের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তবে তিনি দৃঢ়তার সাথে বলেন, সব বাধা ও চক্রান্ত মোকাবিলা করেই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দুলু আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের মানুষের স্বতঃস্ফূর্ত ভোটে বিএনপি কেবল জয়ীই হবে না, বরং এই বিজয় হবে একটি ‘ভূমিধস বিজয়’।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সাবেক এই উপমন্ত্রী বলেন, ২০০৮ সাল থেকে পরবর্তী সব নির্বাচনে আওয়ামী লীগ জনগণের রায় ছিনিয়ে নিয়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দেশের মানুষ আগামীতে আর এমন কোনো নির্বাচন মেনে নেবে না এবং যেকোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে নাটোরে কোনো উন্নয়ন হয়নি, কেবল লুটপাট হয়েছে।
নিজের উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে দুলু বলেন, ২০০১ সাল থেকে পাঁচ বছর মন্ত্রী থাকাকালীন তিনি নাটোরের ব্যাপক উন্নয়ন করেছিলেন। এবার নির্বাচিত হলে সেই উন্নয়নের ধারা আবারও সচল করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ প্রবর্তনের ঘোষণা দেন তিনি, যার মাধ্যমে পাঁচ বছর সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
খাজুরা ইউনিয়নের করেরগ্রাম, চাঁদপুর, দুলর্ভপুর ও মহিষডাঙ্গাসহ বিভিন্ন গ্রামে আয়োজিত এসব সভায় দুলুর সাথে আরও উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।



