ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) অভিযোগ করেছেন যে, ইসলামের নাম ব্যবহার করে একটি বিশেষ মহল তাদের দলকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। তবে তিনি স্পষ্ট করেছেন যে, তারা কেবল ইসলামের কল্যাণের লক্ষ্যেই দলবদ্ধভাবে মাঠে নেমেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম বলেন, বর্তমান সময়ে দেশের জনগণ অনেক বেশি সচেতন। সাধারণ মানুষ এখন সত্য এবং নীতির পক্ষে থাকা রাজনীতিকেই বেছে নেবে এবং সমর্থন জানাবে।
দলের রাজনৈতিক লক্ষ্য তুলে ধরে পীর সাহেব চরমোনাই আরও বলেন, ইসলামী আন্দোলন কেবল ক্ষমতার রাজনীতির পেছনে ছোটে না। বরং আদর্শ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই এই দলের মূল লক্ষ্য। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং ইসলামী মূল্যবোধ রক্ষায় তার দল শুরু থেকেই আপসহীনভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
পথসভায় উপস্থিত অন্যান্য বক্তারা দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। একইসঙ্গে তারা দলের নীতি ও আদর্শ সাধারণ ভোটারদের সামনে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে তাদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
টাঙ্গাইল-০৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার জাকির হোসেন সবুজের সভাপতিত্বে আয়োজিত এই পথসভায় দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



