সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ সরিয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের শীর্ষ প্রতিষ্ঠান মেটা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তাঁর প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফায়েড ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই অস্থিতিশীল পরিস্থিতির সময় বাংলাদেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ছাড়াও ছায়ানট ও উদীচীর মতো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।
অভিযোগ উঠেছে যে, দেশের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই গত বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তাঁর ফেসবুক পেজে একাধিক উস্কানিমূলক স্ট্যাটাস দেন। এর পরেই শুক্রবার রাত থেকে তাঁর ফেসবুক পেজটি আর দৃশ্যমান নেই। সাধারণ ব্যবহারকারীরা পেজটি সার্চ করে আর খুঁজে পাচ্ছেন না।
এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ফেসবুকের বিদ্যমান কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী, কোনো ব্যবহারকারী যদি সহিংসতা উসকে দেন, ঘৃণামূলক বক্তব্য ছড়ান কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কোনো কনটেন্ট প্রকাশ করেন, তবে সেই ক্ষেত্রে মেটা সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বা পেজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে।
ইলিয়াস হোসেনের মতো একজন পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্টের পেজ সরিয়ে নেওয়ার এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এর আগে তাঁর বিভিন্ন ভিডিও ও পোস্ট নিয়ে নানা সময়ে আলোচনা-সমালোচনা হয়েছে। শেষ পর্যন্ত ঠিক কী কারণে এবং কত সময়ের জন্য এই পেজটি সরিয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
সুত্রঃ দৈনিক ইত্তেফাক।



