বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলার মোট ৫৪৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০৯টি কেন্দ্রকে এরই মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৮৬টি কেন্দ্রকে ‘উচ্চমাত্রার ঝুঁকিপূর্ণ’ এবং ২২৩টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। বাকি ১৩৮টি কেন্দ্রকে সাধারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন জানিয়েছেন, নির্বাচনকে সামনে রেখে জেলার প্রতিটি কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যে ক্যামেরা স্থাপনের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে রিটার্নিং কর্মকর্তা জানান, প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য থাকবেন, যাদের মধ্যে ৩ জন সশস্ত্র থাকবেন। পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সশস্ত্র পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।
বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সিসিটিভি স্থাপন প্রসঙ্গে বলেন, পুরো কেন্দ্র নজরদারির আওতায় আসায় ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করা সহজ হবে। এতে করে একটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।



