নির্বাচনী তপশিলে সংশোধন, ৩টি প্রধান পরিবর্তন আনল ইসি

✍️ প্রতিবেদক: দীপ্ত বাংলাদেশ নিউজ ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘোষিত নির্বাচনী তপশিলে সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের নির্দিষ্ট কিছু স্থানে পরিবর্তন এনে শনিবার (২০ ডিসেম্বর) একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে মূলত তিনটি প্রধান পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে এই সংশোধন আনা হয়েছে। পরিবর্তনের বিস্তারিত তথ্যে জানানো হয়, মূল গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠার দ্বিতীয় ও তৃতীয় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ ও চিহ্নসমূহ বিলুপ্ত করা হয়েছে।

দ্বিতীয় বড় পরিবর্তনটি এসেছে মনোনয়নপত্রের আপিল দায়েরের সময়সূচিতে। আগে আপিল দায়েরের তারিখ নির্ধারিত ছিল ২১-২৭ পৌষ অর্থাৎ ৫-১১ জানুয়ারি (সোমবার-রোববার)। সংশোধিত তপশিল অনুযায়ী এখন এই আপিল দায়ের করা যাবে ২১-২৫ পৌষ অর্থাৎ ৫-৯ জানুয়ারি (সোমবার-শুক্রবার) পর্যন্ত।

তৃতীয়ত, আপিল নিষ্পত্তির তারিখের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। পূর্বের নির্ধারিত তারিখ ছিল ২৮ পৌষ-৪ মাঘ বা ১২-১৮ জানুয়ারি (সোমবার-রোববার)। বর্তমানে তা পরিবর্তন করে ২৬ পৌষ-৪ মাঘ অর্থাৎ ১০-১৮ জানুয়ারি (শনিবার-রোববার) পুনঃনির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করেছিলেন। সেই ঘোষিত তপশিলকেই প্রশাসনিক ও আইনি প্রয়োজনেই ইসি সংশোধন করল বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *